এআইয়ে কণ্ঠ নকল করে গান, আইনি পদক্ষেপ নেবেন তাসরিফ খান

এআইয়ে কণ্ঠ নকল করে গান, আইনি পদক্ষেপ নেবেন তাসরিফ খান ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৫:০১, ৭ অক্টোবর ২০২৬

এআই প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠ নকল করে তৈরি একটি গান তাসরিফ খানের কনসার্টের ভিডিওর সঙ্গে জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের ওই অডিও-ভিডিও নিয়ে অনলাইনে আলোচনা ও সমালোচনার মধ্যেই আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন এই সংগীতশিল্পী।

তাসরিফ খানের অভিযোগ, তার অনুমতি ছাড়াই তার কণ্ঠসদৃশ অডিও এবং কনসার্টের ভিডিও ফুটেজ ব্যবহার করে কনটেন্টটি তৈরি করা হয়েছে। তার দাবি, এটি সাধারণ বিনোদনের উদ্দেশ্যে তৈরি নয়; বরং পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও বিতর্কে জড়ানোর চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) তাসরিফ জানান, ভাইরাল হওয়া গানটি এআইয়ের মাধ্যমে তৈরি হয়েছে বলে তিনি প্রায় নিশ্চিত। এ ঘটনায় দ্রুত সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।

তাসরিফের ভাষ্য, ‘আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত, গানটি এআই’র মাধ্যমে তৈরি করা হয়েছে। এটি কারও প্রকৃত কম্পোজিশন হতেই পারে না।’

তার ধারণা, আগে তার কোনো কনসার্টের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। এরপর সেটির সঙ্গে এআই দিয়ে তৈরি অডিও যুক্ত করে অডিও-ভিজ্যুয়ালটি তৈরি করা হয়েছে এবং পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেজে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করছেন তাসরিফ। তার অভিযোগ, ভিডিওতে সরকারকে নিয়ে আপত্তিকর বা মানহানিকর বক্তব্যের সঙ্গে তার ছবি ও কনসার্টের ফুটেজ ব্যবহার করা হয়েছে। ফলে একইসঙ্গে সরকার ও তাকে বিতর্কের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করছেন।

তাসরিফ বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। এতে যেমন সরকারকে হেয় করা হচ্ছে, একইসঙ্গে আমার ছবি-ভিডিও ব্যবহার করে এর সঙ্গে আমাকেও জড়ানো হচ্ছে।’

প্রথমদিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় অবস্থান পরিবর্তন করেন তিনি। তাসরিফ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে ভিডিওটি আপলোড করা হয়েছে।

ভিডিও সরাতে শুরুতে প্ল্যাটফর্মগুলোর প্রচলিত কনটেন্ট রিপোর্টিং ব্যবস্থার ওপর নির্ভর করতে চেয়েছিলেন এই শিল্পী। তবে বিভিন্ন পেজে একই কনটেন্ট ছড়িয়ে পড়ায় সেই উদ্যোগে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জিডি করার পাশাপাশি ভিডিওটির প্রচার বন্ধে আইনগতভাবে বিষয়টি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তাসরিফ খান।

সাম্প্রতিক সময়ে এআই দিয়ে অনুমতি ছাড়া কারও কণ্ঠ, ছবি বা ভিডিও নকল করে কনটেন্ট তৈরির ঘটনা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। সেই আলোচনার মধ্যেই এবার তাসরিফ খানের কণ্ঠ ও কনসার্টের ফুটেজ ব্যবহারের অভিযোগ সামনে এলো।

শেয়ার করুনঃ
Advertisement