মাছওয়ালির বেশে কৌশানী, ‘ঝিমলি’র নতুন রূপে চমক

মাছওয়ালির বেশে কৌশানী, ‘ঝিমলি’র নতুন রূপে চমক অভিনেত্রী কৌশানী মুখার্জি

বিনোদন ডেস্ক

Published : ১৪:৫৬, ৭ অক্টোবর ২০২৬

‘বহুরূপী’ সিনেমায় ঝিমলি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত আলোচিত সিনেমাটির প্রায় দুই বছর পর একই চরিত্র নিয়ে আবারও পর্দায় ফিরছেন তিনি।

এবার ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় ঝিমলির ভূমিকায় দেখা যাবে কৌশানীকে। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

মুক্তিকে সামনে রেখে ছবির প্রচারে ব্যতিক্রমী আয়োজন করেছে নির্মাতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে কৌশানীকে দেখা গেছে একেবারে মাছওয়ালির সাজে। সাধারণ শাড়ি, শক্ত করে বাঁধা খোঁপা এবং শ্যামলা মেকআপে তাকে এতটাই আলাদা দেখাচ্ছিল যে প্রথম দেখায় চেনা কঠিন।

ভিডিওতে বড় বড় মাছ হাতে নিয়ে বাজারের মেছুনির মতো ক্রেতাদের ডাকতে দেখা যায় অভিনেত্রীকে। এমনকি মাছ কাটার দৃশ্যেও অংশ নিয়েছেন তিনি। তবে বটির সামনে বড় মাছ নিয়ে কাজ করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েন কৌশানী।

মজার ছলে নিজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

শুধু মাছ কাটাই নয়, ভিডিওতে হকারের ভূমিকাতেও দেখা গেছে তাকে। ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গেই গলা উঁচু করে মাছ বিক্রির হাঁক দেন তিনি—‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’

শুটিংয়ের শেষদিকে সময়মতো কাজ শেষ করার তাগিদও আসে তার কথায়। হাস্যরসের সুরে কৌশানী বলেন, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’

সিনেমার মুক্তির আগে কৌশানীর এমন ডি-গ্ল্যাম অবতার ও মজার প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

শেয়ার করুনঃ
Advertisement