অমিতাভ-অভিষেককে হত্যার হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোরের

অমিতাভ-অভিষেককে হত্যার হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোরের ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:২০, ১৭ নভেম্বর ২০২৬

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গ্যাংস্টার গোল্ডি ধিলোরের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁদের গুলি করে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

পোস্টে গোল্ডি ধিলোর দাবি করেন, অমিতাভ বচ্চনকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা এখনো বাতিল করা হয়নি। এমনকি সন্দেহভাজন দুই শুটার গ্রেপ্তার হলেও কথিত পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মুম্বাইয়ে তাঁর প্রায় ২০০ সহযোগী সক্রিয় রয়েছে বলেও দাবি করেছেন এই গ্যাংস্টার।

এর আগে দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে বিকাশ ঠাকুর ও দীপক সিং নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশের ধারণা, তাঁদের বিরুদ্ধে দুটি পৃথক হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এবং অন্যটি অমিতাভ বচ্চনকে ঘিরে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, দিল্লির ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বিকাশ ঠাকুরকে। এ উদ্দেশ্যে তিনি মুম্বাই থেকে দিল্লিতে যান। পরে তাঁর সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল দীপক সিংয়ের।

এদিকে, গত এক মাসে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’কে কেন্দ্র করে তিনটি বোমা হামলার হুমকিসংবলিত ই-মেইল পাঠানোর ঘটনাও সামনে এসেছে। এসব হুমকির পর বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement