শুটিংয়ে পরিচালকের হাতে যৌন হেনস্তা, মুখ খুললেন স্বরা

শুটিংয়ে পরিচালকের হাতে যৌন হেনস্তা, মুখ খুললেন স্বরা ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:২৯, ১৬ নভেম্বর ২০২৬

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছেন, ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিং চলাকালে এক পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। তবে তখন ঘটনাটিকে যৌন হয়রানি হিসেবে শনাক্ত করতে পারেননি অভিনেত্রী। পরবর্তী সময়ে ‘মিটু’ আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভয়াবহতা উপলব্ধি করেন তিনি। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অতীতের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্বরা।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাচমাড়িতে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার আউটডোর শুটিং চলছিল। সে সময় একজন পরিচালকের আচরণের কারণে যৌন হেনস্তার পরিস্থিতির মুখোমুখি হন তিনি। কিন্তু ওই ব্যক্তি তাকে সরাসরি স্পর্শ না করায় তখন বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি।

ঘটনাটি স্মরণ করে স্বরা বলেন, ‘ঘটনাটি যখন ঘটছিল তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে সেটা বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।’

স্বরা মনে করেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি কেবল শারীরিক নির্যাতন কিংবা জোরপূর্বক শারীরিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। আপত্তিকর মৌখিক আচরণসহ বিভিন্ন উপায়েও নারীরা এমন পরিস্থিতির শিকার হতে পারেন। সেই সময়ের কথা মনে পড়লে এখনো অস্বস্তি অনুভব করেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

বিশেষ করে ‘মিটু’ আন্দোলনের সময় যখন বিভিন্ন নারী কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন, তখন নিজের অতীতের ঘটনাটিও নতুনভাবে উপলব্ধি করেন স্বরা। তার ভাষায়, ‘তখন আমার মনে হয়েছিল, হে ভগবান! এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’

অভিনেত্রীর জন্য সেই সময়টি ছিল ক্যারিয়ার গড়ার কঠিন অধ্যায়। বলিউডে তখনো নিজের অবস্থান শক্ত করতে পারেননি তিনি। বয়সও ছিল কম। ইন্ডাস্ট্রিতে পরিচিতি ও শক্তিশালী যোগাযোগ না থাকায় ওই পরিস্থিতিতে নিজেকে অনেকটা একা ও অসহায় মনে হয়েছিল তার।

তবে শুটিংয়ের সেই কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সিনেমাটির নির্বাহী প্রযোজক। স্বরা তার কাছে পুরো বিষয়টি খুলে বলেছিলেন। অভিনেত্রীর দাবি, ওই প্রযোজকের সহযোগিতায় শুটিংয়ের বাকি দিনগুলো কিছুটা স্বস্তিতে কাটানো সম্ভব হয়েছিল।

বহু বছর পর নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে এনে স্বরা ভাস্কর আবারও কর্মক্ষেত্রে যৌন হেনস্তার বিস্তৃত পরিসরের বিষয়টি সামনে এনেছেন। তার অভিজ্ঞতা বলছে, শারীরিক স্পর্শ ছাড়াও বিভিন্ন আচরণ ও মন্তব্যের মাধ্যমে যৌন হয়রানি ঘটতে পারে, যা অনেক সময় ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে বুঝে উঠতে পারেন না।

শেয়ার করুনঃ
Advertisement