ফ্যাশন জগতে নিজস্ব পরিচয়ে উজ্জ্বল সময় খান
Published : ২০:১৯, ৬ মে ২০২৬
দেশের ফ্যাশন অঙ্গনে ধীরে ধীরে নিজের আলাদা অবস্থান তৈরি করছেন তরুণ ফ্যাশন ডিজাইনার সময় খান, যিনি মিডিয়া পাড়ায় মাসুদ রানা নামেও পরিচিত। মেধা, সৃজনশীলতা ও অধ্যাবসায়ের মাধ্যমে তিনি ইতোমধ্যে ফ্যাশন জগতে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে জন্ম নেওয়া সময় খান মতিঝিল মডেল হাই স্কুলে পড়াশোনা করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। ছোটবেলা থেকেই সৃজনশীল কাজে আগ্রহী এই ডিজাইনার একসময় মতিঝিল থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়চর্চাও করেন।
তিনি জানান, ১৯৯৭ সাল থেকে ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত হন। শুরুতে নিজের ডিজাইন করা পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ ও টপস নিয়ে বিভিন্ন মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়। হাতে তৈরি পোশাক নিয়ে স্টল সাজিয়ে ধীরে ধীরে তিনি নিজের পরিচিতি গড়ে তোলেন।
পরবর্তীতে তার কাজের পরিধি বিস্তৃত হয়ে সিনেমা, টিভিসি ও মিউজিক ভিডিওর কস্টিউম ডিজাইনে যুক্ত হন। দেশের বিভিন্ন ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করে তিনি তার সৃজনশীলতাকে আরও বিকশিত করেন।
সময় খান বলেন, প্রচারের চেয়ে কাজের প্রতি মনোযোগ দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনের পথে বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতাই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
মিডিয়া অঙ্গনের অনেক তারকার সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ, চিত্রনায়িকা শাবনুর এবং বিপাশা-সহ অনেকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
নিজের স্বপ্ন পূরণে এগিয়ে চলা সময় খান বিশ্বাস করেন, ভালো কাজ ও মানুষের ভালোবাসাই তাকে একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে।



































