নেক্স রিয়েল এস্টেটের সিইও ও ডিরেক্টর হিসেবে যোগ দিলেন তাবাস্সুম ইমাম
Published : ১১:২৬, ৪ আগস্ট ২০২৬
ঢাকা: দেশের উদীয়মান রিয়েল এস্টেট প্রতিষ্ঠান নেক্স রিয়েল এস্টেট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কর্পোরেট ব্যক্তিত্ব তাবাস্সুম ইমাম। তিনি গত ২০ জুলাই ২০২৬ থেকে প্রতিষ্ঠানটির নেতৃত্বে নতুন দায়িত্ব পালন শুরু করেন।
রিয়েল এস্টেট খাতে ১৪ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন তাবাস্সুম ইমাম বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যবসায় উন্নয়ন, কৌশলগত পরিকল্পনা, কর্পোরেট ব্যবস্থাপনা, বিক্রয়, বিপণন, ব্র্যান্ডিং এবং গ্রাহকসেবা ব্যবস্থাপনায় তাঁর রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা ও সফল নেতৃত্বের নজির।
তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের পাশাপাশি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) থেকে CIBS Diploma সম্পন্ন করেছেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাগত প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ কর্পোরেট নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তাবাস্সুম ইমাম বলেন, নেক্স রিয়েল এস্টেটের সহযোগী প্রতিষ্ঠানগুলো গত এক দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তি, মেডিকেল, শিক্ষা, নির্মাণ, প্রকৌশল, স্থাপত্য ও ইন্টেরিয়র খাতে সফলতার সঙ্গে কাজ করছে। সেই অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি আধুনিক আবাসিক ও বাণিজ্যিক ভবন, হাসপাতাল, হোটেল, রিসোর্ট এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করবে।
তিনি বলেন, "Luxury with Affordability" দর্শনকে সামনে রেখে নেক্স রিয়েল এস্টেট শুধু ভবন নির্মাণেই সীমাবদ্ধ থাকবে না; বরং মানুষের জন্য নিরাপদ, পরিকল্পিত, টেকসই এবং মানসম্মত আবাসন তাদের সামর্থ্যের মধ্যে পৌঁছে দিতে কাজ করবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা, গুণগত মান এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের রিয়েল এস্টেট খাতে নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রাহকদের বিভিন্ন ডেভেলপমেন্ট-সংক্রান্ত জটিলতা দূর করা এবং আগামী পাঁচ বছরের মধ্যে নেক্স রিয়েল এস্টেটকে দেশের অন্যতম বিশ্বস্ত রিয়েল এস্টেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য।
সিইও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাবাস্সুম ইমাম বাংলাদেশ রিয়েল এস্টেট প্রফেশনালস ফোরাম-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি রিয়েল এস্টেট খাতের নীতিগত উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং টেকসই আবাসন শিল্প গড়ে তুলতে কাজ করছেন। এছাড়া তিনি Entrepreneurs Club of Bangladesh-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নারী উদ্যোক্তা ও নারী নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
কর্পোরেট নেতৃত্ব, নারী ক্ষমতায়ন এবং রিয়েল এস্টেট খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো Global Star Women's Award 2025, International Professional Achiever (IPA) Award 2026, Professional Leadership Award, BRAC Tara Awards এবং Stellar Women Award।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করেছেন। নেতৃত্ব, বিক্রয় কৌশল, কর্পোরেট ব্যবস্থাপনা, রিয়েল এস্টেট ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।
নেক্স রিয়েল এস্টেট লিমিটেড ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। ভবিষ্যতে পরিকল্পিত আবাসন, স্মার্ট কমিউনিটি, হাসপাতাল, হোটেল-রিসোর্ট এবং গ্রাহকবান্ধব বিনিয়োগ মডেল বাস্তবায়নের মাধ্যমে দেশের আবাসন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির বিশ্বাস, দক্ষ নেতৃত্ব, স্বচ্ছ ব্যবসায়িক নীতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহককেন্দ্রিক সেবার সমন্বয়ে নেক্স রিয়েল এস্টেট খুব শিগগিরই দেশের অন্যতম বিশ্বস্ত, আধুনিক ও উদ্ভাবনী রিয়েল এস্টেট ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।


































