মলাটে ১০১টি শিক্ষামূলক গল্প, প্রকাশিত হলো আশিক খাঁনের ‘গল্পেই লুকানো সাফল্যের সূত্র’

মলাটে ১০১টি শিক্ষামূলক গল্প, প্রকাশিত হলো আশিক খাঁনের ‘গল্পেই লুকানো সাফল্যের সূত্র’

Published : ০২:০০, ১৩ জুন ২০২৬

জীবনের নানা বাস্তবতা, নীতিশিক্ষা ও আত্মউন্নয়নের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে লেখক আশিক খাঁনের নতুন বই ‘গল্পেই লুকানো সাফল্যের সূত্র’। মুহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটিতে স্থান পেয়েছে ১০১টি ছোট ছোট রূপক ও শিক্ষামূলক গল্প, যা ইতোমধ্যে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে।

সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম, সিনিয়র জেলা জজ মোহাম্মদ আল মামুন, দৈনিক কালের কণ্ঠের কূটনৈতিক ও পররাষ্ট্র প্রতিবেদক হোসাইন সাইফ, লেখক ও গবেষক মানযূর আহমাদ এবং মুহাম্মদ পাবলিকেশনের প্রকাশক মোহাম্মদ আবদুল্লাহ খানসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

বইটিতে বিশ্বের বিভিন্ন দেশের নীতিকথা, লোকগাথা ও বাস্তবধর্মী শিক্ষামূলক গল্পকে আধুনিক পাঠকের উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। গ্রিক, রোমান, ইউরোপীয়, আরবীয়, পার্সিয়ান, মিশরীয় ও এশীয় ঐতিহ্যের গল্পের পাশাপাশি স্থান পেয়েছে বাংলা লোকজ ঐতিহ্যের নানি-দাদির মুখে শোনা চিরায়ত গল্পও। এছাড়া লেখকের নিজস্ব কল্পনা ও অভিজ্ঞতা থেকে রচিত বেশ কিছু নতুন গল্প সংকলনটিকে আরও সমৃদ্ধ করেছে।

লেখক আশিক খাঁন বলেন, “আমার লক্ষ্য ছিল ছোট ছোট গল্পের মাধ্যমে জীবনের বড় সত্যগুলো পাঠকের সামনে তুলে ধরা। গল্পগুলো শুধু বিনোদনের জন্য নয়, বরং জীবনের নানা জটিল পরিস্থিতির সহজ সমাধান খুঁজে পাওয়ার একটি পথ।”

তিনি আশা প্রকাশ করেন, বইটির ১০১টি গল্প পাঠকদের নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস জোগাবে এবং আত্মউন্নয়নের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বর্তমানে বইটি দেশের বিভিন্ন অনলাইন বই বিক্রয়মাধ্যম এবং প্রধান বইয়ের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement