গত বছরের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বাস্থ্য মন্ত্রণালয়

গত বছরের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বাস্থ্য মন্ত্রণালয় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩৫, ১৬ আগস্ট ২০২৬

বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ ও আগাম প্রস্তুতির কারণে গত বছরের তুলনায় চলতি বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৩২৪ জন এবং মৃত্যু হয়েছিল ১০৪ জনের। বিপরীতে চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৬৫ জনের।

বর্ষা মৌসুম শুরুর আগেই এডিস মশার বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দেশব্যাপী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, বাউল গানের মাধ্যমে প্রচারণা, সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটি মিটিং ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চলছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ‘ডেঙ্গু কর্নার’ চালু, চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ, ফিল্ড হাসপাতাল প্রস্তুত এবং প্রয়োজনীয় ওষুধ, রিএজেন্ট, টেস্টিং কিট ও খাবার স্যালাইনের মজুত নিশ্চিত করা হয়েছে।

এছাড়া আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের সাতটি সিটি করপোরেশন আগাম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় ‘প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ’ পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অন্যদিকে জনসচেতনতা বাড়াতে সুর ও সংগীতভিত্তিক প্রচারণা চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর ফলে চলতি বছর পরিস্থিতি গত বছরের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে। তবে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন। সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন পরিষ্কার ও মশকনিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া সবার দায়িত্ব। ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুনঃ
Advertisement