বসুন্ধরা থেকে দর্শনা পৌরসভার সাবেক মেয়র আটক
Published : ২০:২০, ১৯ নভেম্বর ২০২৬
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনার নিজ এলাকা ছেড়ে বসুন্ধরায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
৫৫ বছর বয়সী আতিয়ার রহমান হাবু দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা গুলশান ডিবি পুলিশের উপপুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান।
তবে তাঁকে আটকের সুনির্দিষ্ট কারণ বা তাঁর বিরুদ্ধে কোনো মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।






























