ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ০১:২৬, ২০ নভেম্বর ২০২৬
দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্তভাবে জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের কল্যাণে কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাঁর অভিযোগ, এই গোষ্ঠী একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে এবং মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন আর দেখতে চায় না। নিশিরাতের নির্বাচন ও ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেও কেন তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করা হয়নি? কেন এ অঞ্চলে গ্যাসলাইন আনা হয়নি এবং ইপিজেড স্থাপন করা হয়নি? তাঁর ভাষ্য, দেশের মানুষের প্রতি দরদ না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ভোটাধিকার, বাক্স্বাধীনতা এবং গুম-খুন বন্ধের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আবারও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তাঁর অভিযোগ, ক্ষমতায় থাকাকালে তারা মানুষের সম্পত্তি লুট, নির্যাতন ও গুমের সঙ্গে জড়িত ছিল। দেশ ছেড়ে যাওয়ার পরও অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা এবং হত্যার রাজনীতি চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ধরে রাখতে ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দেশের মানুষ আর ভোট দখল, গুম-খুন ও সহিংসতার রাজনীতিতে ফিরতে চায় না। মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। এ লক্ষ্য অর্জনে ২০২৪ সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
লালমনিরহাটের মানুষের গণতন্ত্রের পক্ষে থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের শিল্প-কারখানা গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন, শিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করতে চায়।
মহেন্দ্রনগর মডেল খাল খনন প্রসঙ্গে তিনি বলেন, খালের কাজ শেষ হলে কৃষকেরা সেচসুবিধা পাবেন এবং আশপাশের বাসিন্দাদের পানির সংকট কিছুটা কমবে। খালের বিভিন্ন অংশ তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তাঁরা মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করতে পারেন।
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। কৃষকের সেচসুবিধা, মানুষের পানির চাহিদা পূরণ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই এ কর্মসূচির উদ্দেশ্য।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে তিনি বলেন, এ কর্মসূচির তালিকা তৈরির কাজ প্রায় শেষ। আগামী মাস থেকে কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি পরিবারের নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা করে পাবেন, যা পরিবার, সন্তানের শিক্ষা ও পুষ্টির পেছনে ব্যয় করা যাবে বলে জানান তিনি।
কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে কৃষকের উৎপাদন বাড়ানো এবং বছরে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার কথা জানান তিনি।
ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ বছর সারা দেশে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এ সম্মানীর পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রতি বছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ছেলে ও মেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কর্মসূচি শুরু হবে।
রংপুর অঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লাইন স্থাপন করা গেলে এ অঞ্চলসহ রংপুর বিভাগে শিল্প-কারখানা স্থাপনে বিনিয়োগকারীরা আগ্রহী হবেন এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
বিদেশে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, গত কয়েক মাসে বাংলাদেশ থেকে পাঁচ লাখ কর্মীকে বিদেশে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় আরও কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশগামী কর্মীরা যাতে কম খরচে যেতে পারেন, সে ব্যবস্থাও সরকার করার চেষ্টা করছে।
এর আগে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন সাধারণ মানুষ। বর্ণিল পোশাকে সজ্জিত শিশুরা ডিসপ্লের মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল।
এক দিনের সফরে আজ সকালে লালমনিরহাটে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁকে বহনকারী হেলিকপ্টার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। নির্ধারিত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।






























