সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা নিহত আশরাফ আলী। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:০৮, ২০ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

নিহত আশরাফ আলী কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি গোপরেখী ধরপাড়ার বাসিন্দা সোহরাব আলী ব্যাপারীর ছেলে।

নিহতের ছোট ভাই রেজাউল জানান, বুধবার রাত ১০টার দিকে আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে তারা আশরাফ আলীকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদারসহ অভিযুক্ত অন্যদের বক্তব্য জানতে তাঁদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুনঃ
Advertisement