পরিবেশ রক্ষায় ৬৩ জেলায় ‘আলোকিত লালমনিরহাটের’ মতো সংগঠন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় ৬৩ জেলায় ‘আলোকিত লালমনিরহাটের’ মতো সংগঠন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৫৬, ২০ নভেম্বর ২০২৬

পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় গড়ে তোলা প্রয়োজন। কারণ, সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন প্রণয়নের মাধ্যমে করা যায় না।

আজ বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, সব সমস্যার সমাধান কেবল আইন করে সম্ভব নয়। সমাজের অনেক সমস্যা রয়েছে, যেগুলো সম্মিলিত সামাজিক উদ্যোগ ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা যায়।

দেশের অতীত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রায় দুই দশকের কাছাকাছি সময় বাংলাদেশ একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সে সময় মানুষ ভয়ের মধ্যে বসবাস করেছে এবং অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সমাজের সম্মানিত ও বিশিষ্ট ব্যক্তিরাও বিভিন্নভাবে অপদস্থ হয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছে। এখন ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠলে হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি বলেন, সংগঠনটিতে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ রয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

পরিচ্ছন্ন জেলা গড়তে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার পরামর্শ
পরিবেশ দূষণে আবর্জনার প্রভাব তুলে ধরে তারেক রহমান বলেন, মানুষের আয়-রোজগার ও ভোগ্যপণ্যের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, মাঠ, বাজারসহ বিভিন্ন স্থানে বর্জ্য জমছে। এসব আবর্জনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অপরিচ্ছন্ন পরিবেশ মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের উদ্দেশে তিনি পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁর পরামর্শ, পরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থায় মানুষের ফেলে দেওয়া বর্জ্য নির্দিষ্ট স্থানে সংগ্রহ করতে হবে এবং আশপাশের এলাকাকে পরিষ্কার রাখতে হবে। এভাবে উদ্যোগ নেওয়া গেলে লালমনিরহাটকে দেশের অন্যতম পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংগঠনটির সদস্যরা যেভাবে মাদকাসক্ত ব্যক্তিদের কাউন্সেলিং করে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেছেন এবং পারিবারিক বিরোধ মিটিয়ে পরিবারগুলোকে একত্র করেছেন, একইভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সচেতন করতে হবে।

জন্মদিনে একটি করে গাছ লাগানোর আহ্বান
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, মানুষকে গাছের প্রয়োজনীয়তা বোঝাতে পারলে স্বাভাবিকভাবেই বৃক্ষের সংখ্যা বাড়বে। পরিবারের প্রত্যেক সদস্যকে প্রতিবছর নিজের জন্মদিনে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, একটি পরিবারে চার-পাঁচজন সদস্য থাকলে প্রত্যেকের জন্মদিনে একটি করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। আজ একটি মূল্যবান গাছের চারা রোপণ করলে ভবিষ্যতে সেটি সম্পদে পরিণত হবে।

উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক থেকে তিন বছর বয়সী কোনো শিশুর নামে ২০টি গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে প্রয়োজনে সেগুলো বিক্রি করে শিশুটির অর্থনৈতিক প্রয়োজন মেটানো সম্ভব হতে পারে।

বড় গাছের পরিবেশগত উপকারিতা তুলে ধরে তিনি বলেন, বাড়ির আশপাশে বেশি গাছ থাকলে ঘরবাড়ি তুলনামূলক শীতল থাকে এবং প্রাকৃতিক বাতাস পাওয়া যায়। ঝড়, তুফান বা টর্নেডোর সময়ও বড় গাছ বাড়িঘর সুরক্ষায় সহায়ক হতে পারে।

পাখি ও প্রজাপতির আবাসস্থল সংরক্ষণের আহ্বান
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি সৃষ্টির প্রতিটি প্রাণীর প্রকৃতিতে কোনো না কোনো ভূমিকা রয়েছে।

আগের দিনের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে তারেক রহমান বলেন, ৩০ বছর আগে গ্রামাঞ্চলে অনেক বেশি পাখি দেখা যেত। এখন সেই সংখ্যা কমে গেছে। গাছপালা কেটে ফেলা, পাখি ধরে খাওয়া কিংবা তাদের আঘাত করার মতো কর্মকাণ্ড এর অন্যতম কারণ।

তিনি আরও বলেন, ছোটবেলায় অনেক প্রজাপতি দেখা গেলেও এখন সেগুলোর উপস্থিতি কমে গেছে। গাছপালা ও ফুল কমে যাওয়ায় প্রজাপতির সংখ্যাও হ্রাস পাচ্ছে।

পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানুষের অস্তিত্বের সম্পর্ক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে শেষ পর্যন্ত মানুষও ক্ষতিগ্রস্ত হবে। তাই নিজ নিজ এলাকার পরিবেশ রক্ষার পাশাপাশি দেশ ও পৃথিবীকে সুরক্ষিত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের দায়িত্ব আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতিও যত্নশীল হওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও সুজন মাহমুদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ
Advertisement