প্রবল বৃষ্টি-বন্যা ও ভূমিধসে স্পেনে নিহত ২, আহত দুই শিশু
Published : ১২:৫২, ১৬ আগস্ট ২০২৬
প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে উত্তর-পশ্চিম স্পেনের একটি গ্রামীণ এলাকায় দুই বয়স্ক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে কাস্তিল ও লেওন অঞ্চলের ছোট্ট গ্রাম মানজানেদো দে ভালদুয়েজায়। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, নিহত দুই নারীর বয়স আনুমানিক ৬০ ও ৮০ বছর।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনায় আহত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া আশির কোঠায় বয়সী এক ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকলকর্মী, পুলিশ, অ্যাম্বুলেন্স ও সিভিল গার্ডের সদস্যরা ছুটে যান। উদ্ধারকারী একটি হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পাহাড় ও ঘন বনভূমি ঘেরা এলাকায় বন্যার পানি ও কাদার স্রোত নেমে এসেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, পাথর, কাদা ও পলির প্রবল স্রোত গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে। এতে একটি গাড়ি পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে যায়।
কাছের শহর পনফেরাদার মেয়র মার্কো মোরালা বলেন, পাহাড়ে তীব্র ঝড়ের কারণে পাথর, কাদা ও পলির বিশাল স্রোত নেমে আসে। এর ফলেই দুই নারীর মৃত্যু হয়েছে। পাশের বুজাস গ্রামেও ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সরকারি ছুটির দিনে এই আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটল। এর আগে কয়েক সপ্তাহ ধরে স্পেনের বিভিন্ন অঞ্চল তীব্র তাপপ্রবাহ ও দাবানলের কবলে ছিল।
দুর্যোগকবলিত মানজানেদো দে ভালদুয়েজা লেওন প্রদেশে অবস্থিত। ২০২৫ সালে স্পেনের ভয়াবহ কয়েকটি দাবানল এই প্রদেশে আঘাত হানে। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, ওই বছর স্পেনে রেকর্ড পরিমাণ বনভূমি আগুনে পুড়ে যায়।





























