আফগান সীমান্তে ফের গোলাগুলি, ৮ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আফগান সীমান্তে ফের গোলাগুলি, ৮ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৯:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তানের সঙ্গে সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তানে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সীমান্তবর্তী পাকিস্তানি ফাঁড়িগুলোতে আফগান তালেবান বাহিনীর গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। এর পরদিন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তান থেকে আসা আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তোরখাম সীমান্তের কাছে চারটি এবং কোহাটের পার্বত্য এলাকায় আরও চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন প্রতিহত করা হয়।

পাকিস্তানি কর্মকর্তাদের ভাষ্য, আফগান সীমান্তবর্তী পাকতিয়া ও নানগারহার এলাকা থেকে সশস্ত্র ব্যক্তিদের পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা ঠেকানোর পর সীমান্ত ফাঁড়িতে মর্টার ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। জবাবে পাকিস্তানি বাহিনীও আফগান তালেবানের সীমান্ত অবস্থান ও মর্টার স্থাপনায় গোলাবর্ষণ করেছে বলে তারা দাবি করেন। আফগান তালেবান অবশ্য পাকিস্তানের হামলার অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে সোমবার আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি বিমান হামলার ঘটনা ঘটে। ইসলামাবাদ দাবি করেছে, ওই হামলায় ২৮ জন জঙ্গি নিহত হয়েছে। বিপরীতে আফগান কর্তৃপক্ষ তিন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হওয়ার কথা জানিয়েছে। জাতিসংঘের আফগানিস্তান মিশনও বেসামরিক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

সাম্প্রতিক সংঘাতের পেছনে পাকিস্তানে বেড়ে চলা জঙ্গি হামলা এবং আফগানিস্তানে জঙ্গিদের অবস্থান নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। পাকিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহারের অভিযোগ করে আসছে। তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

নতুন করে সীমান্ত সংঘাত শুরু হওয়ায় কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে চীন, তুরস্ক, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাও জটিল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement