জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎহীন ৫০ হাজার
Published : ১১:১২, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রবল শক্তি নিয়ে জাপানে আঘাত হেনেছে টাইফুন দুজুয়ান। ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন চারজন। প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ায় ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে রেল যোগাযোগ বন্ধ রাখার পাশাপাশি বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্যের বরাতে এসব জানিয়েছে বিবিসি।
টাইফুন আঘাত হানার আগেই জাপানের আবহাওয়া সংস্থা ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ সতর্কতা জারি করেছিল। পরবর্তী সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কয়েকটি এলাকায় সতর্কতার মাত্রা কমানো হয়েছে।
দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। কোথাও কোথাও ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এতে বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে এবং বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
জাপানে পাঁচ দিনের ছুটির মধ্যেই টাইফুনের আঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঝড়ের কারণে বিভিন্ন পূর্বনির্ধারিত আয়োজনও বাতিল করতে হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রক ইন জাপান সংগীত উৎসবের কনসার্ট বাতিল করা হয়। একই দিনে টোকিও গেম শোর ভিডিও গেম প্রদর্শনীও স্থগিত করা হয়।
টাইফুনে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে এ পরিস্থিতির মধ্যেও পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার কথা জানিয়েছেন।


































