ভারতের ইন্টারনেট বাজারে মাস্ক-আম্বানি দ্বন্দ্ব, সাশ্রয়ী স্টারলিংকের ঘোষণা

ভারতের ইন্টারনেট বাজারে মাস্ক-আম্বানি দ্বন্দ্ব, সাশ্রয়ী স্টারলিংকের ঘোষণা ইলন মাস্ক ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৬, ১৩ অক্টোবর ২০২৬

ভারতের ইন্টারনেট বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। দেশটিতে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা সাশ্রয়ী দামে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এতে ভারতের টেলিকম বাজারের অন্যতম প্রধান প্রতিষ্ঠান মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতা বাড়তে পারে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, ভারতে স্টারলিংকের সেবা বেশি দামি হলে গ্রাহকেরা তা কিনবেন না। তাই স্পেসএক্সকে সেবাটির মূল্য সাশ্রয়ী রাখতে হবে। তাঁর মতে, প্রতিযোগিতা বাড়লে সাধারণ গ্রাহকেরা বেশি বিকল্প পাবেন। এতে আম্বানির ব্যবসায় মুনাফা কমতে পারে, তবে তাঁর ব্যবসা বন্ধ হয়ে যাবে না বলেও মন্তব্য করেন মাস্ক।

তবে ভারতে স্টারলিংকের সেবার নির্দিষ্ট মূল্য এখনো ঘোষণা করেননি মাস্ক। প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে প্রতি গিগাবাইট মোবাইল ডেটার দাম প্রায় ৭ দশমিক ৭৪ রুপি, যা বিশ্বের সর্বনিম্ন দামের মধ্যে রয়েছে। কম দামে ডেটা সরবরাহের কৌশল রিলায়েন্স জিওর দ্রুত বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্টারলিংকের ভারতে প্রবেশ নিয়ে মাস্ক সম্প্রতি ভারতীয় সরকার ও আম্বানির বিরুদ্ধে অভিযোগও তুলেছেন। তাঁর দাবি, জিওর স্বার্থ রক্ষায় স্টারলিংকের বাজারে প্রবেশ বিলম্বিত করা হচ্ছে। শুক্রবার রাতে আম্বানিকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করে তাঁকে স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানান মাস্ক।

তবে পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার। সরকারের বক্তব্য, স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমোদন প্রক্রিয়ায় কোনো প্রতিষ্ঠানের প্রতি বৈষম্য করা হচ্ছে না। স্টারলিংক, জিও স্যাটেলাইট কমিউনিকেশনস এবং ওয়ানওয়েব—তিনটি প্রতিষ্ঠানেরই চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মাস্কের মন্তব্য এমন সময়ে এসেছে, যখন রিলায়েন্সের টেলিকম ব্যবসার মূল প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্মসের প্রস্তাবিত আইপিও নিয়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটি আইপিওতে ১০৬ বিলিয়ন ডলারের মূল্যায়ন লক্ষ্য করছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্টারলিংক ভারতে কবে বাণিজ্যিক সেবা চালু করবে এবং কী দামে গ্রাহকদের ইন্টারনেট দেবে, তা এখনো নিশ্চিত নয়। তবে সেবা চালু হলে স্যাটেলাইট ইন্টারনেট ও প্রচলিত টেলিকম সেবার মধ্যে প্রতিযোগিতার নতুন অধ্যায় শুরু হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement