রোনালদোর ৯৮১তম গোল, আল-নাসরের দাপুটে জয়
Published : ১২:০১, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় দল ও কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর ক্লাব ফুটবলে ফিরে দারুণ ছন্দে ক্রিস্টিয়ানো রোনালদো। পরপর দুই ম্যাচে গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮১-এ নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর গোলের দিনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফেরগানাকে ৩-১ গোলে হারিয়েছে আল-নাসর।
আসরের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছিল সৌদি আরবের ক্লাবটি। সোমবার রাতে নিজেদের মাঠে ফেরগানাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা।
ম্যাচের ৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আল-নাসর। প্রথমার্ধের ৪২ মিনিটে আইমান ইয়াহিয়ার অ্যাসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
বিরতির পর ৫১ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় ফেরগানা। তবে ৬৫ মিনিটে ইক্রোমজন আলিবায়েভ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। ম্যাচের ৭৮ মিনিটে আনভারজন গফুরভের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আল-নাসর।
হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো
আল-নাসরের হয়ে ১৫১ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা এখন ১২৮। আর জাতীয় দল ও ক্লাব মিলিয়ে তাঁর ক্যারিয়ার গোল দাঁড়িয়েছে ৯৮১-এ। ফুটবল ইতিহাসে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ১৯টি গোল।


































