স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৪, ১৩ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো বিতর্ক বা কলঙ্কের দায় নিতে চায় না। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তে সরকার এখনো অনড় রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনগুলো আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব নির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনকে অতিরিক্ত তারিখ নির্ধারণের সুযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে। তবে জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে নির্বাচনগুলো সম্পন্ন করা না গেলে বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে পরবর্তী অর্থবছরে চলে যাবে।

এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। তবে নির্বাচনগুলোর সময়সূচি চূড়ান্ত করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement