জর্ডানে গির্জায় বন্দুক হামলা, নিহত ৭
Published : ১৩:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
জর্ডানের কারাক গভর্নরেটে একটি গির্জায় শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। শুক্রবার জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ওবাইদুল্লাহ আল-মায়তা এক সংবাদ সম্মেলনে হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।
আল-মায়তা জানান, হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আল-মায়তা প্রতিশ্রুতি দিয়ে বলেন, “হামলাকারীদের গ্রেপ্তার করা হবে এবং আমাদের জাতীয় ঐক্যে কোনো আঘাত আসতে দেওয়া হবে না।”
হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হওয়ার পর তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর মুখোশধারী হামলাকারীরা গির্জার ভেতরে প্রবেশ করে কয়েক মিনিট ধরে গুলি চালায়।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-মামলাকার প্রতিবেদনে বলা হয়েছে, গির্জাটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার পর একটি যানবাহন থেকে নেমে গুলি চালানো দুই সন্দেহভাজনকে ধাওয়া করছে নিরাপত্তা বাহিনী।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সুত্র : আল জাজিরা
































