মাদ্রাসায় অনৈতিক ঘটনায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
Published : ১৩:২৭, ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন ধর্মমন্ত্রী। সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে মন্ত্রী বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য রাখতে হবে। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা রয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে তাঁদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।
এ সময় বেতন-ভাতা বৃদ্ধির দাবিসহ নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতারা।































