তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা

তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৫:০৫, ২৭ অক্টোবর ২০২৬

ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবারের এ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়।

ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অংশ নেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। পাকিস্তানের প্রস্তাব এবং ইরানের সম্মতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাব এবং ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সহায়তার বিষয় উঠে আসে।

আল অ্যারাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, বৈঠক শেষে আলোচনাকে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেন মোহসেন রেজায়ি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি বলেন, এ অঞ্চলে নতুন একটি পরিবেশ তৈরি হচ্ছে এবং আলোচনায় তিনি ইতিবাচক পরিস্থিতি অনুভব করেছেন।

সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক উত্তেজনার পুনরাবৃত্তি ঠেকাতে আলোচনার পথ খোলা রাখাই এ সফরের উদ্দেশ্য। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বাড়াতে এ ধরনের আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে চার দেশ।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত ছিলেন। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে যেকোনো সমঝোতাকে সমর্থন করে ইরান। আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং বিরোধ নিষ্পত্তিতেও দেশটি প্রস্তুত বলে জানান তিনি।

সূত্র: তাসনিম, আল অ্যারাবিয়া।

শেয়ার করুনঃ
Advertisement