জার্মানির শিক্ষার্থী ভিসায় নতুন ডিজিটাল ব্যবস্থা, আবেদন শুরু ১ জানুয়ারি থেকে

জার্মানির শিক্ষার্থী ভিসায় নতুন ডিজিটাল ব্যবস্থা, আবেদন শুরু ১ জানুয়ারি থেকে ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:০৭, ১৫ নভেম্বর ২০২৬

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হবে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। এর মাধ্যমে অনলাইনে ভিসার আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষা অনেকের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা কমিয়ে আবেদন প্রক্রিয়া সহজ ও কার্যকর করতেই নতুন ডিজিটাল উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস।

নতুন ব্যবস্থার আওতায় জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

নতুন পোর্টালে যেসব সুবিধা থাকছে
নতুন ডিজিটাল ব্যবস্থায় শিক্ষার্থীরা ঘরে বসেই ভিসা আবেদনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। এর মধ্যে রয়েছে—

অনলাইনে আবেদন: দূতাবাসে সরাসরি যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে।

কাগজপত্রের প্রাথমিক যাচাই: ভিএফএসের মাধ্যমে আবেদন-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।

অ্যাপয়েন্টমেন্ট ও বায়োমেট্রিক: নির্ধারিত দিনে বায়োমেট্রিক তথ্য প্রদান, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ: ডিজিটাল পোর্টালে লগইন করে ভিসা আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন আবেদনকারীরা।

পরিবারসহ আবেদন: প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।

জার্মান দূতাবাসের আশা, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় কমবে এবং পুরো ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে আবেদনকারীর ধরন ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আগের নিয়মে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও পুনরায় আবেদন করতে হবে।

অর্থাৎ, যারা পুরোনো পদ্ধতিতে ইতোমধ্যে অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করেছেন, তাঁদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবার আবেদন জমা দিতে হবে।

এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। তবে নতুন পদ্ধতিতে আবেদন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময়ও কমতে পারে।

যেভাবে করবেন ভিসার আবেদন
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন করতে প্রথমে নির্ধারিত পোর্টালে প্রবেশ করে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। পরবর্তী ধাপে পোর্টালে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের ডিজিটাল পোর্টাল: https://digital.diplo.de/

জার্মান দূতাবাসের ওয়েবসাইট: www.dhaka.diplo.de

প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের নিয়ম ও অন্যান্য বিস্তারিত নির্দেশনা জার্মান দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুনঃ
Advertisement