সন্ত্রাসবাদে দুই সৌদির মৃত্যুদণ্ড কার্যকর

সন্ত্রাসবাদে দুই সৌদির মৃত্যুদণ্ড কার্যকর ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:১০, ১৫ নভেম্বর ২০২৬

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ।

মন্ত্রণালয়ের অভিযোগ অনুযায়ী, ওই দুই ব্যক্তি বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুলিশ তাদের গ্রেপ্তারের পর তদন্ত সম্পন্ন করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। পরবর্তী সময়ে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাযির বিধানের আওতায় তাদের মৃত্যুদণ্ড দেন।

পরবর্তীতে আপিল আদালত ও সুপ্রিম কোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখেন। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড দমনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের জীবন ও নিরাপত্তার অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

একই সঙ্গে মন্ত্রণালয় সতর্ক করেছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাকেও ইসলামী আইন অনুযায়ী নির্ধারিত শাস্তির মুখোমুখি হতে হবে।

সূত্র: খালিজ টাইমস

শেয়ার করুনঃ
Advertisement