এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার
Published : ১১:৪৭, ২৪ নভেম্বর ২০২৬
রাশিয়ার বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে প্রতিবেশী দেশ এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সীমান্ত বন্ধের পরিকল্পনা, ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলার জন্য আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া এবং এস্তোনিয়ায় বসবাসরত জাতিগত রুশদের প্রতি বৈষম্যের অভিযোগ এনেছে রাশিয়া।
সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়। এতে বলা হয়, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য এস্তোনিয়া এমন কিছু উসকানিমূলক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, যা দুই দেশের মধ্যে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে।
এস্তোনিয়ার পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের কয়েকটি প্রবেশপথ বন্ধের পরিকল্পনা ঘোষণার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর পাশাপাশি বাল্টিক সাগরে রাশিয়ার একটি জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে।
সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার কূটনীতিক মারেক উহতেগিকে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইউক্রেনের ড্রোনকে উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে এস্তোনিয়া। এ ছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধের উদ্যোগ, রুশ ভাষার ব্যবহার বন্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকির কথাও উল্লেখ করা হয়।
তবে ইউক্রেনের সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা কখনোই কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।
এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের কয়েকটি প্রবেশপথ অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। দেশটির দাবি, রুশ নিরাপত্তা সংস্থাগুলো এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছিল। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত শুধু এস্তোনিয়ার জন্য নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্রদের জন্যও ক্ষতিকর হবে। একই সঙ্গে নিজেদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণের কথাও জানিয়েছে মস্কো।
এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ন্যাটো। বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোটের মহাসচিব মার্ক রুটে বলেন, এস্তোনিয়া ও পোল্যান্ডের পরিস্থিতিসহ বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে হালনাগাদ করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের সময়ও রুশভাষীদের অধিকার হরণের অভিযোগ তুলেছিল মস্কো। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা ক্রমাগত বাড়ছে।
































