প্যারিসে মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস
Published : ১১:৩৮, ২৪ নভেম্বর ২০২৬
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের ১৬তম এরোনডিসমোর সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, মুক্তিযুদ্ধে আত্মত্যাগ, জাতীয় উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় অবদান তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। পরে সশস্ত্র বাহিনীর ইতিহাস ও কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির শতাধিক অতিথি অংশ নেন।
স্বাগত বক্তব্যে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি) সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন, দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিসরে বাহিনীর কার্যক্রম এবং ফ্রান্সসহ বিভিন্ন বন্ধুরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয় তুলে ধরেন।
প্রদর্শিত তথ্যচিত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতার পর বাহিনীর গঠন ও উন্নয়ন এবং দেশ-বিদেশে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয়। এতে বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও বিশেষভাবে উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ১৯৭১ সালের ২১ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের সাহসী বীরদের অবদান স্মরণ করেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ফ্রান্সে জনমত গড়ে তুলতে ফরাসি লেখক ও রাজনীতিবিদ আন্দ্রে মালরোর ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত ২০২৪ সালের জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারীদের প্রতিও শ্রদ্ধা জানান এবং ওই আন্দোলন ও পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ফোর্সেস গোল-২০৩০-এর আওতায় বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, শিক্ষা বিস্তার, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, ঐতিহ্য সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও বাংলাদেশের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর পলিটিক্যাল মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেন বিএনপি ফ্রান্স শাখার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুর রহমান, নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, এনসিপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, এফবিজেএর সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক নিয়াজ মাহমুদ, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি রাজনীতিবিদ তানিয়া তনু, কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ ও কাউন্সিলর জুবায়েদ আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশেষজ্ঞ আনিসুর রহমান, সমাজকর্মী জাহরিন হক নুপুর, ব্যবসায়ী শহিদুল ইসলাম, গবেষক ইশতিয়াক আকিব, সমাজকর্মী কাজী হাবিবুর রহমান এবং সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি ও শাহ সুহেল আহমেদসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। ফ্রান্সসহ বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তা ও ডিফেন্স অ্যাটাশেরাও অনুষ্ঠানে যোগ দেন।
শেষ পর্বে অতিথিদের বাংলাদেশি খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস, আন্তর্জাতিক অবদান এবং ফ্রান্সের সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক তুলে ধরার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
































