হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে আটকে গঙ্গার পানিবণ্টন চুক্তি?

হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে আটকে গঙ্গার পানিবণ্টন চুক্তি? ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কা ব্যারেজ। ছবি: সংগৃহীত

স্ক্রল ডট ইন

Published : ১৮:৫৮, ২১ নভেম্বর ২০২৬

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে প্রত্যর্পণ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে যখন টানাপোড়েন চলছে, তখন দুই দেশের ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বণ্টনের কাঠামো নির্ধারণকারী চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তবে এটি নবায়ন, মেয়াদ বৃদ্ধি কিংবা নতুন চুক্তির বিষয়ে এখনো কোনো পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০২৪ সালের আগস্ট থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। এ অনুরোধে ভারতের অনীহা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো ভারত সফর করেননি।

গত আগস্টে তারেক রহমানের ভারত সফরের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ৫ আগস্ট নয়াদিল্লির একটি অনুষ্ঠানে শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সেই সফর আর এগোয়নি। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছিল, শেখ হাসিনার ওই উপস্থিতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতিকে ‘বিনষ্ট’ করেছে।

এদিকে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চুক্তিটির মেয়াদ শেষ হতে দেওয়ার পরিকল্পনা করছে। ১২ ডিসেম্বরের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনাও ক্রমেই কমছে।

ঢাকার বক্তব্য, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি হওয়া প্রয়োজন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের উদ্বেগেরও কোনো জবাব পাওয়া যায়নি বলে দাবি করেছে ঢাকা। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হয়েছে।

গত সপ্তাহে খবর প্রকাশিত হয়, ১৭–১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পঞ্চম দফার বাংলাদেশ–ভারত কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। তবে ঢাকার দাবি, ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সে থাকা শেখ হাসিনার আইনজীবীরা ৯ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন জানান। চিঠিতে বলা হয়, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার তার আগের কাগজপত্র বাতিল করেছিল।

বাংলাদেশ হাইকমিশন প্রশ্ন তুলেছে, শেখ হাসিনার পক্ষে কাজ করার বৈধ অধিকার ওই আইনজীবীদের আছে কি না। অন্যদিকে ঢাকা বলেছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই এগোতে হবে। ভারত জানিয়েছে, ভ্রমণের জন্য তার বৈধ কাগজপত্র প্রয়োজন হবে এবং প্রত্যর্পণকে একটি কারিগরি ও আইনি বিষয় হিসেবে বর্ণনা করেছে।

কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার ঘটনা দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলো সচল রাখার জটিলতাকে সামনে এনেছে।

চুক্তি নিয়ে আলোচনা
গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। তারেক রহমানের সরকার চলতি বছরের শুরু থেকেই ভারতের কাছে বিষয়টি তুলে ধরছে। গত এপ্রিলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে ১০ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়। এ ছাড়া ৮ জুন বাংলাদেশ ভারতের কাছে চুক্তিটি নিয়ে আলোচনার আহ্বান জানায়। তবে এসব উদ্যোগে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মনে হচ্ছে না।

বাংলাদেশের মন্ত্রীরা অবশ্য চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী অবস্থান জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২ নভেম্বর বলেন, দেশের ন্যায্য পানির চাহিদা এবং দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের ভিত্তিতে চুক্তি নবায়নের জন্য ভারতের সঙ্গে আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

১০ নভেম্বর জাতীয় সংসদে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গঙ্গা ও অন্যান্য অভিন্ন নদী থেকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে এমন চুক্তির লক্ষ্যে সরকার কাজ করছে।

তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে তেমন তাগিদ দেখা যাচ্ছে না। নয়াদিল্লি বারবার চুক্তিটির ভবিষ্যৎকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠকের সঙ্গে যুক্ত করেছে। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও একই অবস্থান নিয়েছিলেন।

১৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লোকসভাকে জানায়, চুক্তি নবায়নের আলোচনা এখনো শুরু হয়নি। নয়াদিল্লির অবস্থান, নদীসংক্রান্ত বিষয়গুলো যৌথ নদী কমিশনের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। যদিও গত জুলাইয়ে ভারতের নিজস্ব সংসদীয় স্থায়ী কমিটি আর বিলম্ব না করে আলোচনা শুরুর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

ন্যায্য হিস্যা
বাংলাদেশের জন্য গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে ব্যর্থ হওয়ার পরিণতি গুরুতর হতে পারে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের প্রতিটি চক্রে ফারাক্কা বাঁধের পানিবণ্টন নির্ধারণ করা হয় একটি নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে।

পানির প্রাপ্যতা ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগ পায়। পানির পরিমাণ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক। আর ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ।

এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত পালাক্রমে ১০ দিনের প্রতিটি চক্রে বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি দেওয়ার নিশ্চয়তা রয়েছে।

চুক্তির ২ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ১০ দিনের চক্রে পানির প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই পক্ষকে তাৎক্ষণিক আলোচনায় বসতে হবে। ১২ অনুচ্ছেদে চুক্তি নবায়নের বিষয়টি পারস্পরিক সম্মতির ওপর নির্ভরশীল করা হয়েছে। জাতিসংঘে প্রকাশিত চুক্তির পূর্ণাঙ্গ পাঠ্যেও এসব বিষয় উল্লেখ রয়েছে।

তবে পানিবণ্টনের সূত্রটি তৈরি করা হয়েছিল ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পানিপ্রবাহের তথ্যের ভিত্তিতে। এ কারণে হালনাগাদ বৈজ্ঞানিক মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে। ২০২৫ সালে ‘এনভায়রনমেন্টাল মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, আশির দশকের শুরু থেকে বাংলাদেশের গড়াই নদ দিয়ে গঙ্গার মিঠাপানির প্রবাহ পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য হারে কমেছে। এর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবনে লবণাক্ততা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

৯৫৫ বর্গকিলোমিটার এলাকায় সেচ দেওয়ার জন্য নির্মিত বাংলাদেশের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতাধীন এলাকা কমে প্রায় ৫৫০ বর্গকিলোমিটারে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়েছে। কৃষক, জেলে এবং মিঠাপানির বাস্তুতন্ত্রের জন্য এ পানি সরবরাহ গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ভারতেরও নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক ও পানিসংক্রান্ত বিবেচনা রয়েছে।

বিহারে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র জনতা দল (ইউনাইটেড) চুক্তি নবায়নের বিরোধিতা করেছে। দলটির সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা কেন্দ্রীয় সরকারের প্রতি বর্তমান কাঠামোয় চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, ফারাক্কা বাঁধের কারণে বিহারে পলি জমা ও বন্যার প্রকোপ বেড়েছে।

পশ্চিমবঙ্গও চুক্তি নবায়নের আলোচনায় রাজ্যের পানীয় জল ও শিল্প খাতের পানির চাহিদা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

এসব উদ্বেগ বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তবে এগুলো অনির্দিষ্টকালের জন্য আলোচনা পিছিয়ে দেওয়ার কারণ হতে পারে না কিংবা ভাটির দেশ হিসেবে বাংলাদেশের প্রয়োজন উপেক্ষা করার যুক্তি হতে পারে না। হালনাগাদ জলতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে নতুন চুক্তি করা উচিত, যেখানে ন্যূনতম পানিপ্রবাহ, বন্যার পূর্বাভাস, পলি ব্যবস্থাপনা এবং অববাহিকাজুড়ে বসবাসকারী জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় থাকবে।

বাংলাদেশও চুক্তিতে কিছু পরিবর্তন চায়। এর মধ্যে একটি হলো ‘গ্যারান্টি ক্লজ’, যা ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তিতে ছিল, কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে বাদ পড়ে। ওই ধারায় অস্বাভাবিক কম পানিপ্রবাহের সময়ও বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ দেওয়ার নিশ্চয়তা ছিল।

পানি নিয়ে রাজনীতি
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অগ্রগতির ওপর নিজের প্রথম ভারত সফরকে শর্তযুক্ত রাখা বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে কি না, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করছে এই বিশ্লেষণ। নয়াদিল্লি সফর করলে তিনি সরাসরি আলোচনার মাধ্যমে প্রত্যর্পণসহ পানি ও অন্যান্য অভিন্ন উদ্বেগের বিষয়গুলো এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন।

অন্যদিকে ভারতকেও বুঝতে হবে, বাংলাদেশের জবাবদিহির দাবি উপেক্ষা করার প্রত্যাশা নিয়ে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়।

অভিন্ন নদীগুলো বাস্তবসম্মত সহযোগিতার মাধ্যমে পরিচালিত হবে, নাকি রাজনৈতিক মতপার্থক্যের কাছে জিম্মি থাকবে—সেই সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারতকেই নিতে হবে।


লেখক পরিচিতি
জান্নাতুল নাঈম পিয়াল বাংলাদেশের একজন লেখক, গবেষক ও সাংবাদিক।
 

[প্রবন্ধ, নিবন্ধ, সাক্ষাৎকার ও প্রতিক্রিয়ায় প্রকাশিত মতামত লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণের প্রতিফলন। এগুলো দ্য বিজনেস ডেইলির সম্পাদকীয় নীতি বা অবস্থানের সঙ্গে সর্বদা মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখায় উপস্থাপিত ব্যাখ্যা-বিশ্লেষণ, তথ্য-উপাত্ত এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা আইনগতসহ সংশ্লিষ্ট বিষয়সমূহের যথার্থতা ও মতামতের দায়িত্ব লেখকের নিজস্ব; এ বিষয়ে দ্য বিজনেস ডেইলি কর্তৃপক্ষের অবস্থান নিরপেক্ষ।]

 

শেয়ার করুনঃ
Advertisement