১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন, তালিকায় বাংলাদেশ

১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন, তালিকায় বাংলাদেশ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৬:২৮, ২৫ নভেম্বর ২০২৬

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে ১৬টি দেশের বিরুদ্ধে পরিচালিত তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তদন্তের ভিত্তিতে এসব দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। সংশ্লিষ্ট দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশও।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন শুল্ক কার্যকর হলে তা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করেন। এসব শুল্কের প্রভাবে দেশটিতে ভোগ্যপণ্যের দামও কিছুটা বেড়েছে। গত মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করবেন।

দেশভেদে নির্ধারিত হতে পারে শুল্কের হার

কোন দেশের পণ্যে কত হারে শুল্ক আরোপ করা হবে, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্ত করছে ইউএসটিআর।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বাণিজ্য অংশীদারদের সঙ্গে চূড়ান্ত হওয়া চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, হোয়াইট হাউস তা মেনে চলবে। এসব চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্কের সর্বোচ্চ হার ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ।

চীনের পণ্যের ক্ষেত্রেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা ২০ শতাংশ শুল্কের সর্বোচ্চ সীমা বজায় রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতা নবায়ন করা হলে এই সীমা কার্যকর থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে শুল্ক আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মেজেরাস মনে করেন, এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। সেখানে তদন্তের আওতায় থাকা ১৬টি দেশের প্রতিটির জন্য পৃথক শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।

আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মেজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। এর সঙ্গে পৃথক তদন্তের আওতায় আগে আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও যুক্ত হতে পারে। ওই তদন্তে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে মেজেরাসের ধারণা, প্রশাসন তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে। পাশাপাশি এমন শর্ত রাখা হতে পারে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে পদক্ষেপ না নিলে সময়ের সঙ্গে শুল্কের হার বাড়তে থাকে।

তদন্তের আওতায় ১৬ দেশ ও অঞ্চল

তদন্তের তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

শেয়ার করুনঃ
Advertisement