শত আবেদন নয়, চাকরি পেতে করুন সেরা ১০ আবেদনে ফোকাস

শত আবেদন নয়, চাকরি পেতে করুন সেরা ১০ আবেদনে ফোকাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৬, ১০ আগস্ট ২০২৬

চাকরি খুঁজছেন। প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখছেন। যোগ্যতা মিলে গেলেই আবেদন করছেন। এক সপ্তাহে ১০টি, এক মাসে ৫০টি—কখনো আবেদনের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাচ্ছে। তবুও কাঙ্ক্ষিত ফোনকল বা ইন্টারভিউয়ের ডাক আসছে না।

এবার হয়তো কৌশল বদলানোর সময় এসেছে। শত শত পদে আবেদন না করে নিজের যোগ্যতা, দক্ষতা ও আগ্রহের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ১০টি পদ বেছে নিন। এরপর প্রতিটি পদের জন্য আলাদা করে প্রস্তুতি নিয়ে আবেদন করুন। এতে আবেদনের সংখ্যা কমবে ঠিকই, তবে প্রতিটি আবেদন হবে আরও লক্ষ্যভিত্তিক ও কার্যকর।

আন্তর্জাতিক গবেষণাতেও লক্ষ্যভিত্তিক আবেদনের গুরুত্ব উঠে এসেছে। মার্কিন চাকরির ওয়েবসাইট ইনডিডের ‘জব অ্যাপ্লিকেশনস কোয়ালিটি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ঢালাওভাবে অতিরিক্ত আবেদনকারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা মানসম্মত আবেদনকারীদের তুলনায় ৩৯ শতাংশ পর্যন্ত কম হতে পারে।

অন্যদিকে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চাকরির বাজারে প্রায় ৪০ শতাংশ কর্মদক্ষতার পরিবর্তন ঘটবে। জরিপে অংশ নেওয়া নিয়োগদাতাদের ৬৩ শতাংশই সঠিক দক্ষতার কর্মী না পাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

আগে বাছাই, পরে আবেদন

একজন চাকরিপ্রার্থীর প্রথম কাজ হওয়া উচিত নিজের যোগ্যতা ও পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদগুলো চিহ্নিত করা।

ধরা যাক, এক মাসে আপনি ৫০টি নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেন। সবগুলোতে আবেদন না করে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও ক্যারিয়ার লক্ষ্যের সঙ্গে সবচেয়ে বেশি মেলে—এমন ১০টি পদ বেছে নিন।

এর ফলে প্রতিটি আবেদনের পেছনে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হবে। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি কী ধরনের কর্মী চাইছে, পদের দায়িত্ব কী এবং কোন দক্ষতাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে—এসব বিশ্লেষণ করে আবেদন সাজাতে হবে।

সব চাকরির জন্য একই সিভি নয়

অনেক চাকরিপ্রার্থী একটি সিভি তৈরি করে সেটিই সব প্রতিষ্ঠানে পাঠান। এতে সময় বাঁচলেও কাঙ্ক্ষিত পদের সঙ্গে প্রার্থীর যোগ্যতার মিলগুলো নিয়োগদাতার নজর এড়িয়ে যেতে পারে।

উদাহরণ হিসেবে, বিক্রয় প্রতিনিধি পদের ক্ষেত্রে যোগাযোগ ও গ্রাহকসেবা-সংক্রান্ত অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে। আবার তথ্য বিশ্লেষণের চাকরিতে বিশ্লেষণী দক্ষতা, সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা ও তথ্য নিয়ে কাজের সক্ষমতা বেশি গুরুত্ব পেতে পারে।

তাই প্রতিটি পদের প্রয়োজন অনুযায়ী সিভির প্রাসঙ্গিক অংশগুলো সামনে নিয়ে আসা জরুরি।

দক্ষতার সঙ্গে পদের মিল দেখুন

শুধু শিক্ষাগত যোগ্যতা পূরণ করলেই কোনো পদে আবেদন করার প্রয়োজন নেই। আপনার নির্দিষ্ট দক্ষতা ওই পদের কাজের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিও বিবেচনা করতে হবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, বিশ্লেষণী ও সৃজনশীল চিন্তা, স্থিতিস্থাপকতা, নমনীয়তা এবং নতুন কিছু শেখার আগ্রহ বর্তমানে নিয়োগদাতাদের কাছে গুরুত্বপূর্ণ দক্ষতার মধ্যে রয়েছে।

অর্থাৎ আপনি কী কাজ করতে পারেন, শুধু সেটি বলাই যথেষ্ট নয়। বরং যে পদের জন্য আবেদন করছেন, সেখানে আপনার দক্ষতা কীভাবে কাজে লাগবে—সেটিই স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

সেরা ১০ আবেদন সফল করার কৌশল

১. বিজ্ঞপ্তি ও প্রতিষ্ঠান বিশ্লেষণ করুনপদের দায়িত্ব, প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রতিষ্ঠানটির কাজের ধরন ভালোভাবে বুঝে নিন।

২. লক্ষ্যভিত্তিক সিভি তৈরি করুনবিজ্ঞপ্তির সঙ্গে সবচেয়ে বেশি মেলে এমন দক্ষতা ও অভিজ্ঞতাগুলো সিভিতে স্পষ্টভাবে তুলে ধরুন।

৩. নিজের সাফল্যের প্রমাণ দিন‘আমি পরিশ্রমী’ বা ‘আমি দক্ষ’—এ ধরনের সাধারণ বক্তব্যের বদলে আগের কাজের নির্দিষ্ট সাফল্য তুলে ধরুন।

৪. কভার লেটার আলাদা করে লিখুনকেন প্রতিষ্ঠানটিতে কাজ করতে চান এবং কেন ওই পদের জন্য নিজেকে উপযুক্ত মনে করেন—সংক্ষেপে তা জানান।

৫. ই-মেইলের বিষয় স্পষ্ট রাখুনই-মেইলে আবেদন করলে সাবজেক্ট লাইনে পদের নাম ও নিজের নাম উল্লেখ করুন।

৬. অনলাইন প্রোফাইল হালনাগাদ রাখুনসিভির পাশাপাশি লিংকডইনসহ পেশাদার অনলাইন প্রোফাইলও নিয়মিত আপডেট করুন।

৭. প্রয়োজনে ফলোআপ করুনআবেদনের এক বা দুই সপ্তাহ পর ভদ্রভাবে ই-মেইল বা মেসেজের মাধ্যমে আবেদনের অগ্রগতি জানতে পারেন।

সংখ্যা নয়, আবেদনের মান গুরুত্বপূর্ণ

চাকরি পাওয়ার কোনো নিশ্চিত সূত্র নেই। তবে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু আবেদনের সংখ্যা বাড়িয়ে যাওয়াই সাফল্যের পথ নয়।

শত শত প্রতিষ্ঠানে একই সিভি পাঠানোর পরিবর্তে নিজের জন্য সবচেয়ে উপযুক্ত সুযোগগুলো চিহ্নিত করুন। এরপর প্রতিটি পদের চাহিদা বুঝে আবেদন সাজান এবং নিজের দক্ষতার বাস্তব প্রমাণ তুলে ধরুন।

কম আবেদন, কিন্তু বেশি প্রস্তুতি ও বেশি মান—চাকরি খোঁজার ক্ষেত্রে এই কৌশলই হতে পারে আরও কার্যকর।

শেয়ার করুনঃ
Advertisement