মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন

মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১১:০১, ২৩ জুন ২০২৬

মালয়েশিয়া থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (২২ জুন) কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণ করা।

মাহদী আমিন জানান, সফরকালে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার পাঁচটি বৃহৎ প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পেট্রোনাস গ্রুপ, আজিয়াটা, এয়ারএশিয়া, পেরোডুয়া এবং এমএমসি করপোরেশন।

তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতি সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের পথে এগোচ্ছে। একই সঙ্গে অর্থনৈতিক উদারীকরণ ও নিয়মকানুন সহজীকরণের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের বৃহৎ ভোক্তা বাজার এবং দক্ষ মানবসম্পদ মালয়েশীয় বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে। সরকার বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশের কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি শিল্প ও ব্যবসা খাতও আরও গতিশীল হবে। এ কারণে মালয়েশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করছে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করেছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশের সরকারপ্রধান বিস্তারিত আলোচনা করেছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement