নতুন কুঁড়ি স্পোর্টসের গ্র্যান্ড ফাইনাল আজ, পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী
Published : ০৯:৫০, ২৭ জুলাই ২০২৬
দেশব্যাপী দুই মাসেরও বেশি সময় ধরে চলা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের পর্দা নামছে আজ সোমবার (২৭ জুলাই)। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনাল ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন এবং সমাপনী অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
আয়োজকদের সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বিকেল ৪টায় স্টেডিয়ামে পৌঁছে রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। ফুটবল ফাইনালের পর অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল।
খেলা শেষে প্রতিযোগিতাকে ঘিরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে অতিথিরা তাদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেবেন।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। দেশের সব উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টস—এই আটটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করে।
পরবর্তীতে গত ২০ জুলাই ঢাকার বিভিন্ন ভেন্যুতে শুরু হওয়া জাতীয় পর্বে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগিতার বিভিন্ন ডিসিপ্লিনে মেধার স্বাক্ষর রাখা খেলোয়াড়দের একটি বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত এসব খুদে প্রতিভাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হবে।
মন্ত্রণালয়ের মতে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের ডিজিটাল গ্যাজেটের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং নতুন প্রজন্মের প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করা।






























