প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
Published : ১৯:২৭, ২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস-সচিব গাজী শাহরিয়ার পামির।
তিনি জানান, সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, বাহিনীর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।
জবাবে ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।































