সাংবাদিকের কাজ তথ্য তুলে ধরা, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

সাংবাদিকের কাজ তথ্য তুলে ধরা, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৭, ২৫ জুলাই ২০২৬

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হলো নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করা, কোনো পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করা নয়। একই সঙ্গে তিনি মনে করেন, সরকারের সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর ও দায়িত্বশীল সাংবাদিকতা সম্ভব নয়।

শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ অনুষ্ঠিত বেঙ্গল ডেলটা কনফারেন্স-২০২৬-এর একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক আলোচনায় দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার নৈতিক দায়িত্ব এবং সংবাদকর্মীদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়।

আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করার সুযোগ ও স্বাধীনতা ছাড়া সাংবাদিকতা তার প্রকৃত ভূমিকা পালন করতে পারে না। একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সাংবাদিকতা ও সক্রিয়তাবাদের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকদের কাজ তথ্য সংগ্রহ, যাচাই এবং জনগণের সামনে তা নিরপেক্ষভাবে উপস্থাপন করা। কোনো রাজনৈতিক বা অন্য কোনো পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করা সাংবাদিকতার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জহির উদ্দীন স্বপন আরও বলেন, সাংবাদিকতার পরিধি কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকতে পারে না। তথ্য ও সত্য অনুসন্ধানের ক্ষেত্রে সাংবাদিকতার কোনো সীমান্ত নেই বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুনঃ
Advertisement