সততা, সময়ানুবর্তিতা ও দায়বদ্ধতাই প্রকৃত দেশপ্রেম: স্বাস্থ্যমন্ত্রী
Published : ০১:২২, ২৫ জুলাই ২০২৬
সরকারি কর্মকর্তাদের জন্য সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতাকে দেশের প্রতি ভালোবাসার অন্যতম প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, একজন কর্মকর্তার প্রকৃত মূল্যায়ন হয় তাঁর দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং জনগণের সেবার মাধ্যমে।
শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘সাপ্তাহিক সময় ও কথা’ এবং ‘রিদম গ্রুপ’ আয়োজিত নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু অবৈধ অর্থ গ্রহণ থেকে বিরত থাকাই সততার পরিচয় নয়। প্রকৃত সততা নিহিত রয়েছে সময়ানুবর্তিতা, দায়িত্বের প্রতি নিষ্ঠা, পদমর্যাদার প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মধ্যে। সরকারি বা বেসরকারি—যেকোনো প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।
তিনি বলেন, বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই জনগণের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে এবং প্রতিটি সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে আত্মজবাবদিহিতার চর্চা করতে হবে।
নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে কর্মজীবনের শুরুতে তিনি প্রতিদিন সকাল সাড়ে ৮টায় অফিসে গিয়ে রাত ৯টা পর্যন্ত কাজ করেছেন। তাঁর মতে, কাজের প্রতি এমন একাগ্রতা ও নিষ্ঠাই প্রকৃত সততার প্রতিফলন।
নরসিংদীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যা শিগগিরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করবে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ট্রমা সেন্টার চালুর কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি একটি ডায়াবেটিক হাসপাতাল এবং মা ও শিশু কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগও চলমান রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দায়িত্বে থাকা অবস্থায় মানুষের সেবা করার সুযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ পদ ও ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও মানুষের জন্য করা কাজই দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে।
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাছির এবং রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























