বঙ্গভবন থেকে দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
Published : ২০:৩৮, ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম বঙ্গভবন থেকে পরিচালনা করলেও বসবাস করবেন স্পিকারের সরকারি বাসভবনে।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবন ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনী শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে।
শুক্রবার গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেন।
পরে সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হয়েছে এবং ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। তার বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এ কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন এবং শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ততদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময়ে স্পিকারের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।































