সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩০, ২৫ জুলাই ২০২৬

সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ ১৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং নেশাজাতীয় উইনকোরেক্স সিরাপ জব্দ করা হয়েছে।

শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কালিয়ানী, ভোমরা, ঘোনা, কুশখালী, কাঁকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তলুইগাছা বিওপির সদস্যরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করেন। কালিয়ানী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ভোমরা বিওপির সদস্যরা নবাতকাঠি এলাকা থেকে নেশাজাতীয় ভারতীয় উইনকোরেক্স সিরাপ এবং ঘোনা ও কুশখালী বিওপির সদস্যরা যথাক্রমে দাঁতভাঙ্গা ও বাঘমারা এলাকা থেকে মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন।

এছাড়া কাঁকডাঙ্গা বিওপির দুটি পৃথক দল কলারোয়ার কেড়াগাছি ও ভাদিয়ালী এলাকা এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার হরিণা স্কুল এলাকা থেকে আরও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা সব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় পণ্য সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) করার পর জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবির স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement