সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Published : ১১:০৩, ৯ আগস্ট ২০২৬
চার দিনের সরকারি সফরে আজ রোববার (৯ আগস্ট) সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার কোনো সদস্যের এটি প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।
সফরকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনাইন বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ।
এ ছাড়া সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করার কথা রয়েছে তার।
সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তারা নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসী বাংলাদেশিদের এই অবদানের স্বীকৃতি দিতে সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সিঙ্গাপুরে এটি বাংলাদেশের প্রথম উচ্চপর্যায়ের সরকারি সফর। সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

































