‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ’
Published : ১১:২৯, ১৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে ঠিক কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান ভারতের দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। ওই দিন সন্ধ্যায় বিমানঘাঁটিতে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা ‘সাময়িকভাবে’ ভারতে আসার অনুমতি চেয়েছিলেন এবং অনুমোদন পাওয়ার পর তিনি দেশটিতে প্রবেশ করেন।
এরপর থেকে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। তবে তিনি বর্তমানে ভারতের কোন ধরনের ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ রয়েছেন, সে বিষয়ে ভারত সরকার এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়াই হবে প্রধান পথ।






























