প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৬, ১৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের সাম্প্রতিক এক বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য রয়েছে। বিষয়টি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার) আলোচনা করেছেন।

তিনি বলেন, মিয়ানমারের বিবৃতিতে উল্লেখ করা কিছু সংখ্যার সঙ্গে বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত নয়। মিয়ানমারের রাষ্ট্রদূত বিষয়টি তার সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া শুরু হলেও তা ধীরগতিতে চলছে। বাংলাদেশ এ প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, মানবিক ও মানবাধিকারের বিষয় বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশ চায়, তারা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে নিজ দেশে ফিরে যাক। নিজস্ব পরিচয় নিয়েই তাদের মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে।

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি জানান, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় চীনা সরকারও মিয়ানমারের ওপর যথেষ্ট চাপ প্রয়োগের আশ্বাস দিয়েছে। সার্জিও গোরের সঙ্গেও আলোচনায় আন্তর্জাতিক চাপের বিষয়টি উঠে এসেছে।

এদিকে বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টার বিষয়ে জাতিসংঘের একটি প্রতিবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই। ফলে প্রতিবেদনটি নিয়ে এই মুহূর্তে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য তাদের হাতে নেই। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

জাতিসংঘের কাছে প্রতিবেদনটির ভিত্তি সম্পর্কে জানতে চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

শেয়ার করুনঃ
Advertisement