জ্বালানি-গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে ৯ দফা সুপারিশ বিজিএমএ ও কৃষক সমিতির

জ্বালানি-গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে ৯ দফা সুপারিশ বিজিএমএ ও কৃষক সমিতির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪১, ২০ আগস্ট ২০২৬

দেশের চলমান জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের টেকসই সমাধানে ৯ দফা সুপারিশ তুলে ধরেছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংলাপে এসব সুপারিশ তুলে ধরা হয়।

সংলাপে বক্তারা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি বিদ্যুৎ খাতের কাঠামোগত সংস্কার এবং দেশের তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নাগরিক সংলাপে ৯ দফা সুপারিশ

১. নিজস্ব উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে আগামী ১০ বছরের জন্য বাস্তবমুখী ও টেকসই জ্বালানি নীতি প্রণয়ন।

২. বিদ্যুতের একক ক্রেতা পিডিবি মডেলে সংস্কার এনে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সরাসরি শিল্প-কারখানায় বিদ্যুৎ বিক্রির সুযোগ দেওয়া।

৩. আওয়ামী লীগ সরকারের সময়ের সব কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাতিল করা।

৪. দেশের নিজস্ব তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার পাশাপাশি পেট্রোবাংলার সক্ষমতা বাড়ানো।

৫. উত্তরবঙ্গের কয়লা দ্রুত উত্তোলনের উদ্যোগ নেওয়া এবং সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান শুরু করা।

৬. সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর আধুনিকায়ন এবং পারমাণবিক বিদ্যুৎ গবেষণায় রাষ্ট্রীয় বরাদ্দ বৃদ্ধি করা।

৭. কর ও শুল্ক প্রণোদনার মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো।

৮. অবৈধ সব গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সিস্টেম লসের নামে বিদ্যুৎ ও গ্যাস চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

৯. সিএনজি চালকদের অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

সংলাপে বক্তারা আশা প্রকাশ করেন, সরকার এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।

বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন জুলাই বিপ্লবের সংগঠক ও কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, মজলুম পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. সোহরাব হোসেন, বাংলাদেশ ন্যায়বিচার পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ লিটন, দেশ দরদী পার্টি বাংলাদেশের সভাপতি কাজী মো. বোরহান উদ্দিন চিশতী, বিজিএমএর ভারপ্রাপ্ত মহাসচিব মো. তোজামেল হক তাজেম, যুগ্ম মহাসচিব মো. মনজুর হোসেনসহ সংগঠন দুটির নেতারা।

শেয়ার করুনঃ
Advertisement