অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত
Published : ১৯:২০, ২০ অক্টোবর ২০২৬
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযানের পর তাঁকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অফিস আদেশ অনুযায়ী, বিপিএম-সেবা ও পিপিএম (বার) পদকপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সংযুক্তি বহাল থাকবে। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় তাঁর ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে ৮৪ জন নারী-পুরুষকে আটক করা হয় এবং বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। সেখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়ে আবদুল্লাহ আল জহিরের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।































