সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published : ১৯:০২, ২০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েল সংরক্ষণের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে আদমজী ফায়ার স্টেশনের একটি ইউনিট।

আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুনঃ
Advertisement