তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে চাকরি ফেরানোর দাবিতে ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে চাকরি ফেরানোর দাবিতে ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

Published : ১৮:৪৩, ২০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চাকরিতে পুনর্বহাল ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় নগরের লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের মুখে জড়ো হয়ে তারা নিজেদের দাবি তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

আন্দোলনকারীদের ভাষ্য, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পরও যথাযথ ন্যায়বিচার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে শুধু তারা নিজেরাই নন, তাদের পরিবারের সদস্যরাও গুরুতর আর্থিক ও সামাজিক সমস্যার মুখে পড়েছেন।

চাকরি হারানোর পর সংসারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন সাবেক ব্যাংকাররা। তাদের মতে, পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন চাকরির বাইরে থাকায় এবং বয়স বেড়ে যাওয়ায় নতুন কর্মসংস্থানের সুযোগও কমে এসেছে। আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়ে ইতোমধ্যে কয়েকজন সহকর্মীর মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন তারা।

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, দীর্ঘদিনের এই সংকট থেকে মুক্তি পেতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলে পুনরায় কর্মস্থলে ফিরে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হবে বলে আশা তাদের।

চাকরিতে পুনর্বহালের দাবিতে এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত ব্যাংকাররা। গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক জনসভায় হলুদ রঙের টি-শার্ট প্রদর্শনের মাধ্যমে নিজেদের দাবি জানান বিভিন্ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। একই দিন সকালে নগরের হোটেল রেডিসন ব্লুর সামনেও চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারী চাকরিচ্যুত ব্যাংকার ইলিয়াস হোসেন বলেন, “আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। প্রধানমন্ত্রী যেন বিষয়টি দ্রুত সমাধানে উদ্যোগ নেন সেই প্রত্যাশা থেকেই আমরা এখানে সমবেত হয়েছি।”

শেয়ার করুনঃ
Advertisement