জাতিসংঘের মহাসচিব পদে আলোচনায় ইউএইর লানা নুসেইবেহ

জাতিসংঘের মহাসচিব পদে আলোচনায় ইউএইর লানা নুসেইবেহ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১২:৪৩, ২১ অক্টোবর ২০২৬

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী লানা নুসেইবেহ। চলতি বছরের শেষ দিকে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। তাঁর উত্তরসূরি নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সমর্থন নিয়ে টানাপোড়েনের মধ্যে নুসেইবেহর সম্ভাব্য প্রার্থিতা নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকেরা।

প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে কূটনীতিকদের বরাত দিয়ে বলা হয়েছে, নুসেইবেহর সমর্থকেরা জাতিসংঘে বিভিন্ন দেশের মিশনের সঙ্গে যোগাযোগ করে তাঁর প্রার্থিতার বিষয়ে সমর্থন যাচাই করছেন। জাতিসংঘে ইউএইর সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি কূটনৈতিক মহলে সুপরিচিত। জাতিসংঘের কর্মকর্তাদের ধারণা, তিনি চলতি সপ্তাহেই মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করতে পারেন।

লানা নুসেইবেহ সংযুক্ত আরব আমিরাতের একজন জ্যেষ্ঠ কূটনীতিক ও রাজনীতিবিদ। তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (SOAS) ইসরায়েল ও ইহুদি প্রবাসী জনগোষ্ঠীর ইতিহাস নিয়ে পড়াশোনা করেন।

২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার, নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে কাজ করেন তিনি।

এ ছাড়া ২০১৭ সালে তিনি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের সংস্কারবিষয়ক আন্তসরকারি আলোচনায়ও সহসভাপতিত্ব করেন।

ইউএইর বৈদেশিক নীতি বাস্তবায়ন, জাতিসংঘের বহুপক্ষীয় কূটনীতি এবং ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে নুসেইবেহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শেয়ার করুনঃ
Advertisement