প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: পারস্পরিক বদলির সুযোগ চান নতুন শিক্ষকরা
Published : ১৮:০২, ২০ অক্টোবর ২০২৬
প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫ ব্যাচের অনেক সদস্য লটারির মাধ্যমে দূরবর্তী ও দুর্গম এলাকার বিদ্যালয়ে পদায়নের কারণে যাতায়াত, আবাসন, পারিবারিক দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়ছেন। এসব ভোগান্তি কমাতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে দ্রুত ‘মিউচুয়াল ট্রান্সফার’ বা পারস্পরিক বদলির ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকদের এ দাবির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লটারিতে কর্মস্থল নির্ধারণের ফলে অনেক শিক্ষককে নিজ বাসস্থান থেকে অনেক দূরের বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে নিয়মিত যাতায়াতের পাশাপাশি থাকার ব্যবস্থা, পরিবারকে সময় দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও নানা জটিলতা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে যেসব শিক্ষক পরস্পরের কর্মস্থলে যেতে সম্মত, তাদের মধ্যে বদলির সুযোগ চালু করার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষকরা। তাদের মতে, উভয় পক্ষের সম্মতি ও সুবিধা বিবেচনায় নিয়ে প্রক্রিয়াটি সহজ করা হলে কর্মস্থলসংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব হবে। একই সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াতের ভোগান্তিও কমবে।
বিজ্ঞপ্তিতে চরাঞ্চল, হাওরাঞ্চল ও অন্যান্য দুর্গম এলাকার শিক্ষকদের পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। এসব এলাকায় যোগাযোগব্যবস্থা অনেক ক্ষেত্রে প্রতিকূল হওয়ায় পারস্পরিক বদলি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা। পাশাপাশি নারী শিক্ষকদের পারিবারিক দায়িত্ব, নিরাপত্তা এবং যাতায়াতের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে তাদের আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া কিংবা আবেদনপ্রক্রিয়া সহজ করার প্রস্তাবও জানানো হয়েছে।
শিক্ষকদের বক্তব্য অনুযায়ী, কর্মস্থলে নিরাপদ ও স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করা গেলে তাদের মানসিক সুস্থতা বজায় থাকবে এবং পাঠদানের কার্যকারিতাও বাড়বে। এর ফলে শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের পরিবেশ আরও ইতিবাচক ও আনন্দময় হয়ে উঠতে পারে।
শিক্ষকরা মনে করেন, চাকরির শুরুতেই কর্মস্থল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে স্বচ্ছ, সহজ ও দ্রুত পারস্পরিক বদলির ব্যবস্থা প্রয়োজন। এ জন্য শিক্ষকদের বাস্তব সমস্যা, উভয় পক্ষের সম্মতি এবং নারী শিক্ষকদের নিরাপত্তা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।


































