পররাষ্ট্রে ২ প্রতিমন্ত্রীর কারণ জানালেন শামা ওবায়েদ
Published : ১৯:১১, ২২ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকার দুইজন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার দুই প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সবাই টিমওয়ার্কের মাধ্যমে কাজ করবেন বলেও জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ছয় মাসের কার্যক্রম তুলে ধরে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় সাম্প্রতিক ছয় মাসে মন্ত্রণালয়ে অনেক বেশি কাজ হয়েছে। এ সময়ে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে। পাশাপাশি অভিবাসন ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কাজ চলছে।
তিনি জানান, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে।
বহুপাক্ষিক সংস্থা বা জোটে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য হবে। কোনো সংস্থা বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত সরকার নিজেই নেবে।
তিনি আরও বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশের গণমাধ্যমই প্রথমে তা জানতে পারবে। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বাংলাদেশ তার সিদ্ধান্ত নেবে না।































