হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বললেন জয়শঙ্কর

হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বললেন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:২৯, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক টেকসই করতে হলে তা অবশ্যই পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগোতে হবে।

শনিবার (২২ আগস্ট) ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি নির্দিষ্ট জবাব না দিয়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিকতার গুরুত্ব তুলে ধরেন।

জয়শঙ্কর বলেন, কার্যকর কোনো সম্পর্ক গড়ে উঠতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং এটি উভয় দেশের জন্য সমানভাবে প্রযোজ্য।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে আসছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক একতরফা স্বার্থের ভিত্তিতে পরিচালিত হতে পারে না। ভারত যেমন প্রতিবেশীদের স্বার্থকে স্বীকৃতি ও সম্মান জানাতে চায়, তেমনি ভারতের স্বার্থও সম্মান করা হবে বলে তিনি আশা করেন।

জয়শঙ্কর আরও বলেন, উভয় পক্ষ অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারলেই সম্পর্ক মসৃণভাবে এগোয়। পারস্পরিকতাই ভারতের সম্পৃক্ততার ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement