সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে মুক্তি পাবেন বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তরা: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে মুক্তি পাবেন বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তরা: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সাজা ভোগ শেষ করার পর অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।

সংসদ সদস্য মো. ফজলে হুদার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলাগুলো ইতিমধ্যে বিজ্ঞ আদালতের সুনির্দিষ্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি সাজা ভোগ করার পর তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলা থাকলে তা যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। পরিচয়, পূর্ববর্তী সাজা বা রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত বা মিথ্যা মামলার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সত্যতা যাচাই করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান যে, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কোনো নিরাপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি; তাই তাঁদের পুনরায় চাকরিতে পুনর্বহালের কোনো সুযোগ নেই।

তিনি জানান, তৎকালীন বিডিআর আইন অনুযায়ী গঠিত স্পেশাল কোর্ট ও প্রশাসনিক বিচার ব্যবস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে ৬ হাজার ২৮৬ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ চাকরি থেকে বরখাস্ত এবং ২ হাজার ৫১০ জনকে পেনশন সুবিধাসহ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। অর্থাৎ সর্বমোট ৮ হাজার ৭৯৬ জন সদস্যকে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া এই সাজাপ্রাপ্তদের মধ্যে ৮৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা (যা বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন) এবং ৮৩৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা নিম্ন আদালতে চলমান থাকায় তাঁদের পুনর্বহালের আইনি কোনো সুযোগ নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুনঃ
Advertisement