সংসদে অসহিষ্ণু আচরণ ও গালাগালির অভিযোগ রুমিন ফারহানার

সংসদে অসহিষ্ণু আচরণ ও গালাগালির অভিযোগ রুমিন ফারহানার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫০, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে, জাতীয় সংসদে তাঁর বক্তব্যে ভিন্নমত পোষণ করায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ তোলেন।

এর আগে গত বুধবারের (০৯ সেপ্টেম্বর) সংসদীয় কার্যক্রমের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের ভিন্নমত থাকা স্বাভাবিক এবং কারও দ্বিমত থাকলে তিনি তা পাল্টা যুক্তির মাধ্যমে প্রকাশ করতে পারেন। কিন্তু গালিগালাজ বা অসহিষ্ণু আচরণ কোনোভাবেই সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।

বুধবারের উত্তপ্ত পরিস্থিতির কথা স্মরণ করে তিনি আরও বলেন, এত অসহিষ্ণু পরিবেশ দেখে তাঁর মনে হয়েছে যেন আবারও আওয়ামী লীগের আমলেই ফিরে যাওয়া হয়েছে। অতীতে আওয়ামী লীগ সরকারের জমানায়ও তাঁদের সমালোচনার মুখে শাসকদল হট্টগোল করত উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, বর্তমানে বিএনপিও যেন একই ধরনের আচরণ করছে।

সংসদে গণতান্ত্রিক সহনশীলতা ও শিষ্টাচার বজায় রাখার ওপর জোর দিয়ে এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, শুধু একটি দলের পক্ষে থাকার জন্য বা নামমাত্র বিরোধী দল সেজে বসে থাকার কোনো যৌক্তিকতা নেই। সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক সংস্কৃতি সমুন্নত রাখতে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা জরুরি।

শেয়ার করুনঃ
Advertisement