লোহিত সাগরের কৌশলগত আল-মাখা শহর হুতিদের দখলে

লোহিত সাগরের কৌশলগত আল-মাখা শহর হুতিদের দখলে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল-মাখা শহর নিয়ন্ত্রণে নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীকে পিছু হটিয়ে লোহিত সাগরের পুরো উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল গোষ্ঠীটি।

বার্তা সংস্থা রয়টার্স ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আল-মাখার পাশাপাশি বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থিত আরও কয়েকটি উপকূলীয় শহরের নিয়ন্ত্রণ নেওয়ারও খুব কাছাকাছি পৌঁছে গেছে হুতিরা। তবে এ বিষয়ে ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত প্রায় এক সপ্তাহ ধরে ইয়েমেনজুড়ে তীব্র লড়াই চলছে এবং এই সংঘাতের আঁচ গিয়ে পড়েছে সীমান্তবর্তী দেশ সৌদি আরবেও। সেখানে হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় একশ মানুষ আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই বলেন, আল-মাখা হাতবদল হওয়ার অর্থ হলো ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূলের প্রায় পুরোটাই এখন হুতিদের কব্জায়। বিদ্রোহী বাহিনী যদি তাইজ ও আল-মাখার মধ্যকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে, তবে তা সরকারি বাহিনীর জন্য মারাত্মক এক বিপর্যয় ডেকে আনবে।

বিশ্ব বাণিজ্যের অন্যতম সংবেদনশীল এই রুট সম্পর্কে পুস্তাই সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির প্রস্থ প্রায় ৫০ কিলোমিটার হলেও বাব এল-মান্দেব প্রণালি তুলনামূলক অনেক সরু, যার প্রস্থ মাত্র ১২ মাইল বা প্রায় ২০ কিলোমিটার। আল-মাখা ও সংলগ্ন এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে গেলে তাদের পক্ষে সাধারণ আর্টিলারি বা কামানের মাধ্যমেই এই প্রণালির ওপর প্রভাব বিস্তার করা সম্ভব হবে। এর ফলে জাহাজ চলাচলের ওপর হামলা চালাতে তাদের আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহারেরও প্রয়োজন হবে না, যা সৌদি আরবসহ আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য এক বিশাল নিরাপত্তা হুমকি তৈরি করবে।

শেয়ার করুনঃ
Advertisement