ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোকা হুতিদের দখলে, হুমকির মুখে বৈশ্বিক নৌপথ

ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোকা হুতিদের দখলে, হুমকির মুখে বৈশ্বিক নৌপথ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের ঐতিহাসিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা বা আল-মাখার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার সরকারি বাহিনীর চারটি সামরিক সূত্র শহরটি হাতবদল হওয়ার তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীকে পিছু হটিয়ে হুতিদের এই অগ্রগতির ফলে বিশ্বের অন্যতম সংবেদনশীল নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও বহুগুণ বেড়ে গেল।

সামরিক সূত্রগুলো জানিয়েছে, মোকা দখলের পর হুতি যোদ্ধারা লোহিত সাগরের কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও আক্রমণ চালিয়ে যাচ্ছে। অপরদিকে, সরকারি বাহিনী ও তাদের মিত্ররা পিছিয়ে পড়ে দক্ষিণের ধুবাব এলাকার দিকে সরে যাচ্ছে। বাব আল-মান্দাব প্রণালির অত্যন্ত নিকটে অবস্থিত ধুবাব এবং এর ঠিক বিপরীতে অবস্থতি পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ এই জলপথের সুরক্ষার জন্য অত্যন্ত নির্ণায়ক হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক সংঘর্ষের জেরে দেশটিতে স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়ায় দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আফ্রিকার দেশ জিবুতি ও ইরিত্রিয়া এবং ইয়েমেনের মাঝের সরু এই জলপথটি ‘অশ্রুর দ্বার’ নামে পরিচিত, যা লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ। উপসাগরীয় দেশগুলোর তেল ও জ্বালানি এই পথ ধরেই সুয়েজ খালের মাধ্যমে ইউরোপের বাজারে পৌঁছায় এবং এটি এশিয়াগামী পণ্যবাহী জাহাজেরও অন্যতম প্রধান রুট। এর আগে ইরান কর্তৃক হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে, বাব আল-মান্দাবও হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল বাণিজ্যপথ মারাত্মকভাবে সংকুচিত হওয়ার উপক্রম হয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা ও চাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতির প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলাও এখন চরমে পৌঁছেছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে ইয়েমেনে হুতিদের এই নতুন কৌশলগত সাফল্য পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

শেয়ার করুনঃ
Advertisement